ঢাকা ক্লাবের বিশেষ সাধারণ সভা স্থগিত করলেন হাইকোর্ট

প্রকাশিতঃ মে ২১, ২০২৩ | ৫:৩৮ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

ঢাকা ক্লাব লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গত বৃহস্পতিবার এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শনিবার (২০ মে) ঢাকা ক্লাবের ইজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ২৯ এপ্রিল ইজিএমের নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের বৈধতা নিয়ে ক্লাবের সদস্য ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ কোম্পানি আইনে হাইকোর্টে আবেদন করেছিলেন। আদালতে শওকত আজিজের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ ও আইনজীবী কাজী আখতার হোসাইন। কাজী আখতার হোসাইন গণমাধ্যমকে বলেন, ইজিএমের আলোচ্যসূচিতে আর্থিক ব্যবস্থাপনার বিষয়টি ছিল। অযৌক্তিক আলোচ্যসূচি নিয়ে সদস্যদেরও আপত্তি ছিল। ইজিএমের নোটিশ নিয়ে কোম্পানি আইনের ৮৫(৩) ও ৮৫(১) ধারায় শওকত আজিজ হাইকোর্টে আবেদন করেন। শুনানি নিয়ে হাইকোর্ট ওই ইজিএম নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিতের আদেশ দেন।