কেন্দুয়ায় এক রাতে ৫ গরু চুরি

প্রকাশিতঃ মে ২২, ২০২৩ | ১১:৩৫ অপরাহ্ণ
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ

নেত্রকোনার কেন্দুয়ায় এক রাতেই স্থানীয় জিয়াউর রহমান নামের এক খামারীর গরুর খামার থেকে পাঁচটি গরু চুরি হয়েছে। রবিবার ( ২১ মে) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাজিবপুর গ্রামের দিঘলকুর্শা এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা যায়, রবিবার (২১ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাজিবপুর গ্রামের দিঘলকুর্শা এলাকা মৃত শামছু মিয়ার ছেলে জিয়াউর রহমানের গরুর খামার থেকে একটি ষাঁড়, দুটি গাভী ও দুটি বড় বাছুর গরু সহ মোট পাঁচটি গরু চুরি হয়। গরুগুলোর আনুমানিক দাম ৫ লাখ টাকা। এদিন রাতে টের পেয়ে খামারী ঘুম থেকে উঠে খামারে গিয়ে দেখেন তার পাঁচটি গরু নেই। তাৎক্ষণিক এলাকায় চুরির ঘটনা জানালে শতাধিক গ্রামবাসী চোরের দলকে ধরতে ধাওয়া করে, কিন্ত চোরের সন্ধান পায়নি। ভুক্তভোগী খামারী জিয়াউর রহমান বলেন, প্রতিদিনের মত রাতে খামারে গরু দেখাশোনা করে ঘুমাতে যাই। রাতে একদল চোর এসে খামার ঘরের দরজার তালা ভেঙ্গে আমার পাঁচটি গরু চুরি করে নিয়ে যায়। গরুগুলো হারিয়ে আমি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এখন ছেলেমেয়েদের নিয়ে সংসার চালাবো কি করে সেই চিন্তায় আছি। রাজিবপুর গ্রামের বাসিন্দা কলেজ শিক্ষক মানিকুজ্জামান মানিক বলেন, ইদানিং ইউনিয়নের গ্রামগুলোতে গরু চুরির ঘটনা বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধির দাবিও জানান তিনি। কান্দিউড়া ইউপি চেয়ারম্যান মাহবুব আলম বাবুল জানান, গ্রামের কৃষকরা তাদের গৃহপালিত পশুর চুরি ঠেকাতে রাত জেগে পাহারা দেন। এখন রোরো ধানের মৌসুমের ব্যস্ততায় পাহারা বিঘ্নিত হওয়ায় রাতে খামারী জিয়াউর রহমানের গরু চুরি হয়েছে। এতে তার আর্থিক ক্ষতি হয়ে গেল। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন পিপিএম জানান, গরু চুরির ঘটনাটি শুনেছি এবং এই বিষয়ে থানা পুলিশ কাজ করছেন।