বিদেশে যাওয়ার কোনো ইচ্ছাই আমার নেই : ইমরান খান

প্রকাশিতঃ মে ২৮, ২০২৩ | ৮:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিদেশে যাওয়ার কোনো ইচ্ছাই তার নেই। উল্টো এমন নিষেধাজ্ঞার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি ও তার দল পিটিআইয়ের নেতাদের ওপর দেশত্যাগে সরকারের নিষেধাজ্ঞা জারির পর ইমরান খান এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। সরকারের আশঙ্কা, ইমরান খান বিদেশে পালিয়ে যেতে পারেন। এ ব্যাপারে গতকাল শুক্রবার এক টুইটে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় আমার নাম রাখার জন্য ধন্যবাদ। বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনাই আমার নেই। কারণ বিদেশে আমার ব্যবসাও নেই, সম্পত্তিও নেই। এমনকি দেশের বাইরে একটি ব্যাংক অ্যাকাউন্টও নেই।’ তিনি আরো বলেছেন, ‘যদি অবকাশ যাপনের সুযোগ পাই, তাহলে সেই স্থানটি হবে আমাদের দেশের দক্ষিণের পাহাড়গুলো। বিশ্বে এটিই আমার সবচেয়ে প্রিয় জায়গা।’ এ দিকে কথিত আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৯ মে ইসলামাবাদ আদালতের ভেতর থেকে ইমরান খানকে আটক করেছিল পাকিস্তানের আধা সামরিক বাহিনী রেঞ্জার্স। এই গ্রেফতারের প্রতিবাদে ইমরানের সমর্থকরা পুরো দেশজুড়ে বিক্ষোভ শুরু করেন। ওই দিন সেনাবাহিনীর সদরদফতর এবং লাহোরে এক কর্পস কমান্ডারের বাড়িতেও হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৬ মে) কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের কয়েকটি দফতরের অনুরোধে এই নিষেধাজ্ঞার তালিকা তৈরি করেছে পাকিস্তান সরকার। এর মধ্যে পুলিশ ছাড়াও কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফআইএ ও ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) রয়েছে। পুলিশ, কেন্দ্রীয় সন্ত্রাসবাদবিরোধী দফতর, প্রাদেশিক দুর্নীতিবিরোধী দফতর, এনএবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এই তালিকার জন্য নাম পাঠানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ সহকারী আতাউল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ইমরান খান ও বুশরা ছাড়া পিটিআই নেতাদের মধ্যে এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন আসাদ উমার, মালিকা বোখারি, কাসিম সুরি, আসাদ কায়সার, মুরাদ সাঈদ, হাম্মাদ আজহার, ইয়াসমিন রশিদ ও আসলাম ইকবাল। তিনি আরও বলেন, পিটিআই নেতাদের তালিকা দেশ থেকে বাইরে যাওয়ার সব পয়েন্ট ও বিমানবন্দরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়েছে, তালিকায় নাম থাকা ব্যক্তিরা কোনোভাবেই পাকিস্তান ত্যাগের অনুমতি পাবেন না।