ভোটে বাধা হতে পারে বৃষ্টি, মঙ্গলবার নামছে বিজিবি

প্রকাশিতঃ জুন ২০, ২০২৩ | ৬:২৭ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

সিলেট সিটি নির্বাচনে প্রচারণা শেষ হচ্ছে সোমবার মধ্যরাত থেকে। আজ শেষ দিনের প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। নির্বাচনের প্রস্তুতিও সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আগামী বুধবার অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। তার আগে আগামীকাল মঙ্গলবার প্রতিটি কেন্দ্রে নির্বাচন সামগ্রী পৌঁছে দেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে আজ দেশের বিভিন্ন স্থান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সিলেটে নিয়ে আসা হয়েছে। ১৯০টি ভোটকেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রে বিশেষ নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা বাহিনী। ওইসব কেন্দ্র ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। ভোট আয়োজন নিয়ে জাতীয় পার্টির পার্থী নজরুল ইসলাম বাবুল রয়েছেন অস্বস্তিতে। তবে তিনি মাঠ ছাড়বেন না বলে জানিয়েছেন। ভোট আয়োজনে বড় ধরনের কোনো অভিযোগ না উঠলে বৃষ্টি বাধা হতে পারে বলে মনে করছেন প্রার্থীরা। তাঁরা জানিয়েছেন অব্যাহত বৃষ্টির কারণে যেমন পানি বৃদ্ধি পাচ্ছে, তেমনি ভোটের দিন বৃষ্টি হলে ভোটে বিঘ্ন ঘটবে। ভোটার উপস্থিতি কমে যাবে। বৃষ্টির কারণে আজ নগরীর ভার্তখলা এলাকার নছিবা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ে পানি প্রবেশ করতে দেখা গেছে। তেমুখি-বাদাঘাট এলাকার মইয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পানি প্রবেশ করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, পানি প্রবেশের বিষয়টি তারা জানে না। এদিকে নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মাঠে নামছে বিজিবি। নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৪২টি টিম। সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান জানান, নির্বাচনে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাঠে থাকবে ১০ প্লাটুন বিজিবি। ৪২টি ওয়ার্ডে ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেসহ ৫২ জন ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। তাঁরা নির্বাচন সুষ্ঠু করতে কাজ করবেন। সব কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হবে। ২৭টি ওয়ার্ড থেকে বর্ধিত হয়ে এখন সিসিকের ওয়ার্ড সংখ্যা ৪২টি। ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩ ও নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন। এ ছাড়া পৃথমবারের মতো তৃতীয় লিঙ্গের ছয়জন ভোটার রয়েছেন। প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮ মেয়র, ২৭৩ জন সাধারণ কাউন্সিলর ও ৮৭ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী। আজ সন্ধ্যায় নগরীর রেজিস্ট্রারি মাঠে শেষ জনসভা করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোরুজ্জামান চৌধুরী। জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল দক্ষিণ সুরমায় প্রচার মিছিল ছাড়াও জেল রোড এলাকায় গণসংযোগ করেন। নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ভোট গ্রহণের আগের মধ্যরাত থেকে ২১ জুন মধ্যরাত (১২টা) পর্যন্ত ট্রাক, পিকআপ এবং ইজিবাইক চলাচল করতে পারবে না। একই সঙ্গে সোমবার মধ্যরাত থেকে ভোট গ্রহণের পরদিন ২২ জুন মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচল করতে পারবে না। সিলেটের নির্বাচন কমিশনার ফয়সল কাদের জানান, ভোট আয়োজনে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রত্যেক কেন্দ্রে নির্বাচন সামগ্রী পৌঁছে দেওয়া হবে। পানির কারণে ভোটকেন্দ্রে সমস্যা যাতে না হয়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। কেন্দ্রে পানি প্রবেশ করেছে– এমন খবর গতকাল পর্যন্ত নির্বাচন কমিশন পায়নি বলে জানান তিনি।