কেন্দুয়ায় পিকআপ চাপায় অনার্স পড়ুয়া শিক্ষার্থী নিহত

প্রকাশিতঃ জুন ২৭, ২০২৩ | ১১:২৭ অপরাহ্ণ
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ

নেত্রকোনার কেন্দুয়ায় পিকআপ চাপায় বোরহান উদ্দিন (২১) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. অরূপ কুমার সরকার তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (২৭ জুন) বিকাল ৬টার দিকে উপজেলার কেন্দুয়-মদন সড়কের গোগ বাজার পর্যটন এলাকায় মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। এ সময় মদন থেকে কেন্দুয়ার দিকে আসা একটি পিকআপ রাস্তার পার্শ্বে দাড়িয়ে থাকা বোরহান ও তার বন্ধুকে চাপা দেয়। পরে আহত দুইজনকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বোরহানকে মৃত ঘোষণা করেন। নিহত বোরহান উদ্দিন ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র এবং উপজেলার আরামবাগ এলাকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল কাইয়ুমের ছেলে। কান্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম বাবুল সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করা হয়েছে এবং হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা রুজু করা হবে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।