নাটোরে বিএনপির কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ ও ভাংচুর

প্রকাশিতঃ জুলাই ৮, ২০২৩ | ৬:৩২ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

নাটোরে জেলা বিএনপির কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। শনিবার(৮ জুলাইদ বেলা ১১ টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জেলা বিএনপির আহব্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চু জানান, সকালে তেবারিয়া ইউনিয়ন বিএনপির ৫/৭ জন নেতাকর্মী দলীয় কার্যালয়ের ভিতরে বসেছিল। এ সময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সভাপতি, সম্পাদকের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল মহড়া নিয়ে গিয়ে দলীয় কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর করতে থাকে। পরে তারা দলীয় কার্যালয়ে টাঙ্গানো বিভিন্ন ব্যানার ফেস্টুনসহ সিসি টিভি ক্যামেরাগুলো ভেঙ্গে রাস্তায় ফেলে দেয়। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ জানান, তারা মোটরসাইকেল যোগে স্টেশনের দিক থেকে বাজারে যাচ্ছিলেন।।এই সময় বিএনপির অফিস থেকে তাদের উপরে ঢিল ছোঁড়া হয়। এরই প্রেক্ষিতে ছাত্রলীগের ক্ষুব্ধ নেতাকর্মীরা পাল্টা তাদের দিকে ইট পাটকেল ছুঁড়ে। ঘটনাটি সম্পূর্ণ উস্কানিমূলক ছিল। পরে আমি তাদের নিবৃত্ত করে বাজারের দিকে নিয়ে চলে আসি। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।