৯০ ফুট লম্বা ছয় হাজার কেজি ওজনের একটি লোহার সেতুর মালামাল চুরির দায়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সেতুটির অবস্থান ছিল মুম্বাইয়ের মালাদে একটি ড্রেনের ওপর। খবর এনডিটিভির।
বাঙ্গুর নগর থানার কর্মকর্তা জানিয়েছেন, মালাদে (পশ্চিম) বিশাল পাওয়ার ক্যাবল স্থানান্তরের জন্য সাময়িকভাবে ৯০ ফুট লম্বা ওই সেতুটি তৈরি করা হয়েছিল।
তিনি বলেন, কয়েক মাস আগে সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হয়। এরপর সেখান থেকে সাময়িকভাবে নির্মিত সেতুটির অবকাঠোমো সরিয়ে নেওয়া হয়। কিন্তু ২৬ জুন অস্থায়ী সেতুটির মালামাল খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে কনস্ট্রাকশন কোম্পানি থানায় অভিযোগ দায়ের করে।
ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় পুলিশ আশপাশের এলাকায় থাকা নজরদারি ক্যামেরার ফুটেজ স্ক্যান করে ও ১১ জুন সেতুর দিকে একটি বড় যানবাহন চলাচল করতে দেখে।
এরপর পুলিশ গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ট্র্যাক করে। গাড়িটিতে গ্যাস কাটার মেশিন ছিল, যা সেতুটি ভেঙে ফেলার জন্য ও ছয় হাজার কেজি ওজনের লোহা চুরি করতে ব্যবহৃত হয়েছিল বলেও জানান ওই কর্মকর্তা।
সেতুটি নির্মাণের জন্য যে কোম্পানিকে নিয়োজিত করা হয়েছিল তাদেরই একজন কর্মচারী এই ঘটনার সঙ্গে জড়িত বলে তদন্তে বেরিয়ে আসে। গত সপ্তাহে পুলিশ তাকে ও তার তিন সহযোগীকে গ্রেফতার করে। তাছাড়া যেসব মালামাল চুরি হয়েছিল সেগুলোও উদ্ধার করা হয়েছে।