‘সরকারের পতন’ ঠেকাতে বিএনপি নেতাকর্মীদের ‘সাজা’ দেওয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী দাবি করে বলেন, ‘বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি সরকার ২০১৩-২০১৪ সালে বিএনপি নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা ও গায়েবি মামলায় সাজা দিতে জেলা ও মহানগরগুলোর বিচারকদের নির্দেশ প্রদান করেছে। আরও জানতে পেরেছি যে, সাজা দেওয়ার কাজটি সম্পন্ন করা হবে আগামী দুই মাসের মধ্যেই। এ বিষয়ে বিচারকদের সরকারি সিদ্ধান্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে জেলার পুলিশ সুপারদের।’
তিনি বলেন, ‘বিরোধী দল নির্মূলে সরকার হাতের মুঠোয় ধ্বংসের শক্তি নিয়ে মাঠে নামছে। জনগণকে পরাজিত করার জন্য পর্দার আড়ালে চলছে নানা শলাপরামর্শ ও গোপন বৈঠক।’
রিজভী বলেন, ‘ইতোমধ্যে সরকারি অশুভ নীলনকশার কিছু আলামত ফুটে উঠেছে। দলের সিনিয়র নেতাসহ সব স্তরের নেতাকর্মীদের বিচারের নামে আদালতে সাক্ষী হাজির করা হচ্ছে। এই সাক্ষীদের পুলিশের শেখানো বুলি বলার জন্য কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। সাক্ষীরা পুলিশের হুমকির ভয়ে সাক্ষী দিতে আসেন। কিন্তু এরা এমনই গরিব মানুষ যে, বিএনপি নেতাকর্মীদের নামও শোনেননি এবং চেহারা পর্যন্ত দেখেননি। এমনকি অনেক পুলিশ সদস্যদেরও চাকরি থেকে বরখাস্ত করার ভয় দেখিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে সাক্ষী দিতে নিয়ে আসা হয়। এদের অনেকেই আমাদের বলেছেন- আমরা যদি সাক্ষী না দেই, তাহলে চাকরি থাকবে না।’
তিনি বলেন, ‘অবৈধ সরকার দেশকে ভয়ানক গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাজা দেওয়ার মতো ঘৃণ্য চক্রান্ত জনগণ রুখে দেবে। এবার কোনো অপচেষ্টায় সরকারের পতনকে ঠেকানো যাবে না। এবার সরকারকে ক্ষমতা ছাড়তেই হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের ব্যবস্থা প্রতিষ্ঠা হবেই। জনগণ সবকিছু খেয়াল করছে। তারা এখন সব দিক থেকে প্রস্তুত। শেখ হাসিনার (প্রধানমন্ত্রী) একক জবরদস্তি শাসনের আর অল্প কিছুদিনের মধ্যেই বিদায়ের বাঁশি বেজে উঠবে।’
এ সময় সারা দেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও পুলিশ বাহিনী কর্তৃক ‘হামলা’ এবং ‘মামলার’ বিবরণ তুলে ধরেন রিজভী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম, মো. মুনির হোসেন, আমিরুল ইসলাম খান আলীম, আমিনুল ইসলাম প্রমুখ।