ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস বিশাল জয় পেয়েছে। গ্রামীণ স্থানীয় সরকারের তিনটি স্তরের সবগুলোতেই বড় ধরনের জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটি।
মঙ্গলবারের এ নির্বাচনে উত্তর ২৪ পরগনার এক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ব্যালট পেপার চিবিয়ে খেয়ে ফেলার অভিযোগ উঠেছে। চার ভোটে হারছেন জেনেই মহাদেব মাটি নামে ওই প্রার্থী এমন কাণ্ড করে বসেন।
উত্তর ২৪ পরগনা জেলার হাবরার ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতে এ ঘটনা ঘটেছে বলে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
স্থানীয় পঞ্চায়েতের সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদারের অভিযোগ, গণনা প্রায় শেষ পর্যায়ে। সেই সময় মাত্র চারটি ভোটে এগিয়ে আছেন তিনি। এ খবর যায় তৃণমূল প্রার্থী মহাদেব মাটির কানে। এরপরই নিজের পোলিং এজেন্টের সঙ্গে কিছুক্ষণ কথা বলে মহাদেব গণনা কেন্দ্রের টেবিলের দিকে এগিয়ে যান। একগুচ্ছ ব্যালট পেপার মুখে তুলে নেন তিনি। কিছুটা অংশ ছিঁড়ে ফেলেন এবং কিছুটা অংশ মুখের মধ্যে পুরে নেন।
অপরদিকে অভিযোগ মিথ্যা বলে দাবি করে তৃণমূল প্রার্থী মহাদেব মাটি বলেন, ব্যালট তারা সরিয়ে ফেলতে চাইছিল। সেটা আমরা রুখে দিয়েছি। আমার ওপর বদনাম দেওয়া হচ্ছে।
তবে সিপিএম প্রার্থীর অভিযোগ, গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ দেখলেই আসল ঘটনা বেরিয়ে আসবে।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এ ঘটনার পর ওই টেবিলে গণনা স্থগিত রাখা হয়েছে। প্রশাসন এখনও কাউকে জয়ী ঘোষণা করেনি।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূল প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে। তবে সিপিএম প্রার্থীর দাবি, বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি।