ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিতে আসা মাগুরার চার নেতাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে ঢাকার লালমাটিয়ায় আড়ংয়ের পাশে খেলার মাঠ থেকে তাঁদের আটক করা হয়। মাগুরা জেলা নেতাদের অভিযোগ, ঢাকায় বিএনপির মহাসমাবেশ যাতে যোগ দিতে না পারেন, সেই লক্ষ্যে হয়রানি করার জন্য তাঁদের আটক করছে পুলিশ।
আটক চার নেতা হলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ কামরুজ্জামান জাপান, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি আরমান হোসেন ও টুকু খান। তাঁদের সবার বাড়ি মাগুরা জেলায়। একই সঙ্গে মাগুরা শহরের কলেজপাড়ার বাসিন্দা তারেক বিন হীরক নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। তাঁর রাজনৈতিক কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি ঢাকায় ব্যবসা করেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম প্রথম , জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ওই চার নেতাসহ পাঁচজন ঢাকার লালমাটিয়া মাঠের পাশে চা খাচ্ছিলেন। এমন সময় পুলিশ তাঁদের আটক করে। পরে ঢাকার মোহাম্মদপুর থানায় খোঁজ নিয়ে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই চার নেতা মহাসমাবেশে যোগ দিতে দুই দিন আগে ঢাকায় গেছেন।
আটক মাগুরা জেলা ছাত্রদলের সহসভাপতি টুকু খানের ভাগনে মো. রিপন হোসেন মুঠোফোনে বলেন, গতকাল রাতে লালমাটিয়া মাঠে চা খাওয়ার সময় মামাসহ (টুকু খান) মাগুরার পাঁচজনকে ধরে নিয়ে যায় পুলিশ। তাঁরা মোহাম্মদপুর থানায় গিয়ে আটকের বিষয়টি নিশ্চিত হয়েছেন।
জানতে চাইলে আটক তারেক বিন হীরকের ভাই ওয়ালিদ বিন হীরক মুঠোফোনে, তাঁর ভাই ঢাকায় ব্যবসা করেন। মাগুরা থেকে আসা পরিচিত কয়েকজনের সঙ্গে লালমাটিয়া মাঠের পাশে আলোচনা করছিলেন। এমন সময় তাঁদের আটক করে মোহাম্মদপুর থানা-পুলিশ। কী কারণে তাঁদের আটক করা হয়েছে, এ বিষয়ে পুলিশ কোনো স্পষ্ট উত্তর দেয়নি।
ঢাকার মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক মুঠোফোনে, গতকাল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে। তবে নাম–পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। যাচাই–বাছাই চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।