গত এক বছরে আফগানিস্তানে প্রায় ২১৬টি ত্রাণ সংস্থার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির তালেবান নিযুক্ত উপ অর্থমন্ত্রী আব্দুল লতিফ নাজারি।
তিনি বলেন, তালেবানের নির্দেশনা মেনে চলতে ব্যর্থ হওয়ায় এসব সংগঠনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তালেবান সরকারের উপ অর্থমন্ত্রী বলেন, তারা যদি আমাদের আইন ও নিয়ম না মেনে চলে, তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। তাই এক বছরের মধ্যে চারটি বিদেশি প্রতিষ্ঠানসহ ২১৬টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে।
তবে এসব সংস্থার নিবন্ধন বাতিল স্থায়ী নয় বলেও জানিয়েছেন তিনি।
নাজারি বলেন, এসব প্রতিষ্ঠান বন্ধ করা স্থায়ী হবে না। যখন তারা আমাদের শর্ত পূরণ করবে এবং আমাদের নিয়ম বিবেচনা করবে, তালেবানের অর্থ মন্ত্রণালয় একটি কমিশনের মাধ্যমে এই সংস্থাগুলোকে লাইসেন্স প্রদান করবে।
টোলো নিউজকে আফগানিস্তানের অর্থনীতিবিদরা বলেছেন যে, এই সংস্থাগুলো দেশ এবং সরকারকে উপকৃত করছে এবং তাদের দেশে কাজ করার অনুমতি দেওয়া উচিত।
অর্থনীতিবিদ ফরহাদ ইবরার বলেন, যখন এই সংস্থাগুলো আফগানিস্তানের জনগণের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করবে না, তখন তাদের কার্যক্রম অব্যাহত থাকলে আফগানিস্তানের জনগণ উপকৃত হবে।
আফগান নাগরিকরা বলছেন, দেশে অভাবী লোকদের সহায়তার জন্য এসব ত্রাণ সংস্থার উপস্থিতি গুরুত্বপূর্ণ।