১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জেলা পুলিশের উদ্যোগে অন্তত তিনশ শিক্ষার্থীর রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করে দেওয়া হয়েছে। ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন’ স্লোগানে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন, সহকারি পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) হোসাইন মোহাম্মদ ফারাবী।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবীর চৌধুরী ও কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন।
পরে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহায়তায় দিনব্যাপী শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির কার্যক্রম চলে। এ সময় শিক্ষার্থীদের ফুল ও চকলেট দিয়ে অভ্যর্থনা জানায় পুলিশ।