মুন্সীগঞ্জের শ্রীনগরের পদ্মার চরে ইলিশ না দেওয়ায় এক জেলেকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার(২৯অক্টোবর )সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সীমান্তবর্তী নুরু বয়াতির চরে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত জেলের নাম রুবেল। তিনি লৌহজং উপজেলার জশলদিয়া গ্রামের বাবু সরদারের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত রিয়াদ পলাতক রয়েছেন। তিনি কামারগাঁও এলাকার খোকন মেম্বারের ছেলে।প্রত্যক্ষদর্শী নুরু বয়াতি জানান, গতকাল শনিবার বিকেলে খোকন মেম্বারের ছেলে রিয়াদ ১০ থেকে ১৫ জনকে সঙ্গে নিয়ে ওই চরে গিয়ে জেলেদের কাছ থেকে ইলিশ মাছ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে জেলেদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে কামারগাঁও এলাকার খালেক সারেংয়ের ছেলে বাধা দেন। এর সূত্র ধরে রিয়াদ তার লোকজন নিয়ে খালেক সারেংয়ের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। রোববার বিকেলে রিয়াদ আরও বেশি লোকজন নিয়ে পুনরায় চরে মাছ নিতে গেলে জেলেরা বাধা দেন। একপর্যায়ে রিয়াদ তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে জেলে রুবেলের বুকে গুলি করেন। রুবেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গুলির পরপরই রিয়াদ তার লোকজন নিয়ে চর থেকে পালিয়ে যান। রুবেলের প্রতিবেশী জশলদিয়া গ্রামের মো. শামীম জানান, হাসপাতালে নেওয়ার আগেই রুবেল মারা গেছে। তিনি পদ্মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।এ ব্যাপারে শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর ডোনেট বাংলাদেশকে বলেন,আমরা শুনেছি এ রকম একটি ঘটনা ঘটেছে। ঘটনাস্থল একটি দুর্গম চরাঞ্চল। ওখানে উপস্থিত না হয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।