বেসামরিক মানুষদের বাঁচাতে যুদ্ধাবসান জরুরি: ইরান

প্রকাশিতঃ নভেম্বর ৩, ২০২৩ | ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহ বলেছেন, ফিলিস্তিনি আন্দোলনকারীদের কাছে গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তারা দীর্ঘ লড়াইয়ের জন্যও প্রস্তুত এবং ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে শক্তিশালীভাবে লড়াই করতে সক্ষম। তবে বেসামরিক মানুষদের ইহুদিবাদী সরকারের হামলা থেকে বাঁচাতে যুদ্ধাবসান জরুরি। আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বুধবার এক বৈঠকে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, হামাস ইসরাইলের চলমান যুদ্ধ এখনই না থামালে, তা দ্রুত মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। আমিরাব্দুল্লাহ বলেন, গাজার নিরপরাধ মানুষের উপর ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে ইহুদিরা। আর প্রত্যক্ষভাবে এই ইহুদিদের সহায়তা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে এক মাসের কম সময়ের ব্যবধানে তৃতীয়বারের মতো ইসরাইল সফরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। এর আগে, গেল অক্টোবর মাসেও ইসরাইল, জর্ডান, কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর সফর করেছেন ব্লিঙ্কেন। যদিও সেই সফরে আরব দেশগুলোর কাছ থেকে ইসরাইলের পক্ষে সমর্থন আদায়ে ব্যর্থ হন তিনি। ব্লিঙ্কেনের সফরের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও ইসরাইল সফর করেছেন। তার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের প্রতি দৃঢ় সমর্থন এবং হামাসের কঠোর সমালোচনা করেন। ইসরাইলকে সহায়তায় এরই মধ্যে বিশ্বের সবচেয়ে বড় রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডসহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ইসরাইলের কাছাকাছি এলাকায় মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত সাড়ে ৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাড়ে ৩ হাজারের বেশি শিশু ও ২ হাজারেরও বেশি নারী রয়েছেন। আহতের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার। এতো হতাহত হওয়ার পরও গাজায় যুদ্ধবিরতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র।