কেন্দুয়ায় সাকিব জাহান সাগরের হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিতঃ নভেম্বর ৪, ২০২৩ | ৮:৩৮ অপরাহ্ণ
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ

নেত্রকোনার কেন্দুয়ায় সাকিব জাহান সাগরের (২৫) হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী । শনিবার (৪ নভেম্বর ) বিকেলে স্থানীয় গন্ডা ইউনিয়ন পরিষদের সামনে সান্দিকোনা- সোহাগী সড়কে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নিহতের পিতা-মাতা ও শিশু সন্তানসহ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিহতের পিতা মো. শান্তু মিয়া,স্হানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আলী উচমান, বাবুল মিয়া, যুবলীগ নেতা জুয়েল, লুৎফুর রহমান, মাহফুজ প্রমুখ। প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর দিনগত রাতে স্থানীয় ইসলামি সভায় মনকান্দা গ্রামের রিটন মিয়ার ছেলে আজিজুল হকসহ কিছু বখাটে নারীদেরকে উত্যক্ত করছে দেখে প্রতিবাদ করেন সাকিব জাহান সাগর (২৫) । এরই জেরে সভা থেকে রাত ১১টার দিকে সাকিব বাড়ি ফেরার পথে বখাটে আজিজুলসহ অন্যরা তার ওপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। । পরে আহত সাকিব ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পিতা মো.শান্তু মিয়া বাদী হয়ে কেন্দুয়া থানায় ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অধিকাংশ আসামী পাশ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা। এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যহত আছে।