সাকিব আল হাসান ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন

প্রকাশিতঃ নভেম্বর ২৯, ২০২৩ | ৫:০৮ অপরাহ্ণ
শহিদুল ইসলাম নয়ন, সদর উপজেলা প্রতিনিধি, মাগুরা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান। উক্ত নির্বাচনে প্রার্থী হয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যাত্রা শুরু করেছেন তিনি । আওয়ামী লীগ থেকে মাগুরা-১ আসনে মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পাওয়ার তিন দিনের মাথায় বিশাল গাড়িবহর নিয়ে ঢাকা থেকে নিজ এলাকা মাগুরায় এসেছেন সাকিব আল হাসান। দলীয় মনোনয়ন পাওয়ার পর নিজ এলাকায় পৌঁছেই ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ফুল ছিটিয়ে সাকিবকে বরণ করে নিলেন মাগুরাবাসী। বুধবার (২৯ নভেম্বর) সকালে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে মাগুরায় পৌঁছান সাকিব। এ সময় সফরসঙ্গী হিসেবে সাকিবের সঙ্গে মাগুরায় আসেন জাতীয় দলের দুই ক্রিকেটার রনি তালুকদার এবং নাজমুল হোসেন অপু। জাতীয় দলের ক্রিকেটার ছাড়াও সাকিবের গাড়িবহরে ছিলেন আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী। বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে গাড়ির বহর নিয়ে মাগুরায় পৌঁছান তিনি। তাকে অভ্যর্থনা জানাতে হাজার হাজার মানুষ ভিড় করেন। ঢাকা থেকে সঙ্গী হওয়া সাকিবের বহরের গাড়িগুলো গড়াই নদীর কামারখালি ব্রিজে পৌঁছালে মাগুরা থেকে প্রায় একশটি প্রাইভেট কার এবং শত শত মোটরসাইকেলসহ স্থানীয় নেতাকর্মীরা সাকিবকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় দলীয় নেতা, কর্মী সমর্থক ও ক্রিকেট ভক্তরা সহ সাকিবের বাবা মাশরুর রেজা সেখানে উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা-১০ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি। শেষ পর্যন্ত দলীয়ভাবে তাকে মাগুরা-১ আসনে মনোনয়ন দেওয়া হয়।