দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ ও মাগুরা-২ আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে মাগুরা-১ আসনে ৭ জন ও মাগুরা-২ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোহম্মদ আবু নাসের বেগ জানান, আজ বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত মাগুরা-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ, বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, জাকের পার্টির মো. মাসুদ পারভেজ, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ) এর কে এম মোতাসিম বিল্লাহ, তৃনমূল বিএনপির সনজয় কুমার রায় রনি, বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সঞ্জয় কুমার ভাদুরী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মাগুরা-১আসনে আওয়ামলীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। বৃহস্পতিবার দুপুরে তিনি মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগের কাছে মনোনয়ন পত্র জমা দেন। একই সাথে মনোয়ন পত্র জমা দিয়েছেন মাগুরা-২ আসনের বর্তমান সংসদ সদস্য ড. বীরেন শিকদার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।
মাগুরা-১ আসনে আরো মনোনয়ন পত্র জমা দিয়েছেন জাতীয় পার্টিও মনোনীত প্রার্থী সিরাজুসসাইফিন সাঈফ, বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড.কাজী রেজাউল ইসলাম, মাগুরা-১ আসনে জাকের পার্টিও মনোনীত প্রার্থী মাসুদ পারভেজ, মাগুরা-২ আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থী হায়দার আলী।
মনোনয়ন জমা দেয়ার পর মাগুরা-১
আসনের আওয়ামীলীগ প্রার্থী সাকিব আল হাসান ও মাগুরা-২ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. বীরেন শিকদার নির্বাচনে জয় লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
মাগুরা-১ আসনে সাকিবের মনোয়ন পত্র জমা দেয়ার পর সাইফুজ্জামান শিখর এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিব আল হাসানকে মনোয়ন দেয়ার পর আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছি। আমরা খুবই আশাবাদী যে সাকিবকে মাগুরা-১ আসন থেকে বিজয়ী করে এ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব।
অন্য দিকে মাগুরা-২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার বিকালে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর নিকট মনোনয়ন পত্র জমা দেন। এসময় সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শ্যামল কুমার দে, সাধারন সম্পাদক প্রফেসর ইলিয়াচুর রহমান, চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ প্রমুখ।
এছাড়া, বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, জাতীয় পার্টির মো. মুরাদ আলী, জাকের পার্টির মো. আলী হায়দার, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মো. আসাদুজ্জামান, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মো.আখিদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মশিয়ার রহমান, কর্নেল (অব:) কাজী শরিফ উদ্দিন মনোনয়ন পত্র দাখিল করেছেন।