কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বহুল আলোচিত বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের নির্বাচনি কর্মকাণ্ডে অংশ নেওয়ায় স্থানীয় দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বহিষ্কৃত বিএনপি নেতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা হচ্ছেন- কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আলাউদ্দিন সাবিরী ও চান্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কটিয়াদি উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. আলাউদ্দিন সাবিরী ও চান্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য মো. মাহতাব উদ্দিনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সবপর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল ও সাধারণ সম্পাদক মো. মাজারুল ইসলাম এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। তাই তাদের বহিষ্কারের এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।