বাবার স্বপ্ন বাস্তবায়নে মা প্রার্থী হয়েছেন: যমুনা গ্রুপের এমডি

প্রকাশিতঃ ডিসেম্বর ২১, ২০২৩ | ৯:০৯ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম ইসলাম বলেছেন, আমার বার্তা একটাই দোহার ও নবাবগঞ্জের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে স্বপ্ন আমার বাবা দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমার মা অ্যাডভোকেট সালমা ইসলাম প্রার্থী হয়েছেন। তাই আজ আমি আপনাদের কাছে এসেছি লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট চাইতে; দোহার-নবাবগঞ্জের উন্নয়নে কাজ করতে। বৃহস্পতিবার দিনব্যাপী নবাবগঞ্জের বর্ধনপাড়া, বক্সনগর, শুরগঞ্জ, বাগমাড়া এলাকায় লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলামের পক্ষে ব্যবসায়ী, শ্রমিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আমার বাবা আপনাদের প্রিয় মানুষ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রতিদিন দোহার-নবাবগঞ্জের মানুষের খোঁজখবর নিতেন। তিনি স্বপ্ন দেখতেন এ অঞ্চলের মানুষ যেন দরিদ্র না থাকেন। তারা যেন অর্ধাহারে অনাহারে না থাকেন। দোহার-নবাবগঞ্জের শিক্ষিত যুবক-তরুণীরা যেন বেকার না থাকেন। এজন্য তিনি দেশে অসংখ্য শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেন ও বেকার শিক্ষিত তরুণ-তরুণী, যুবক ও স্বশিক্ষিতদের চাকরির ব্যবস্থা করেছিলেন। শামীম ইসলাম বলেন, আমার বাবা এ অঞ্চলের মানুষের পাশে থেকে তাদের আর্থ-সামাজিক উন্নয়নে সব সময় কাজ করেছেন। তাই বাবার মতো আমার মা সালমা ইসলাম আপনাদের উন্নয়নে কাজ করতে দিনরাত আপনাদের পাশে রয়েছেন। যেকোনো সমস্যায় তাকে আপনারা কাছে পেয়েছেন আগামী দিনেও পাবেন ইনশাআল্লাহ। ভোটারদের উদ্দেশে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম আরও বলেন, নারীশিক্ষার উন্নয়নসহ সন্ত্রাস নির্মূল, কৃষির আধুনিকীকরণ, নতুন নতুন সড়ক-সেতু তৈরি, গ্যাসলাইন স্থাপন এবং দুর্নীতিমুক্ত এলাকা গড়তে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। তিনি বলেন, আপনারা ভয় পাবেন না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে চান। কারো জন্য এবারের নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে তাকে অবশ্যই জবাব দিতে হবে- এমন কথা তিনি বলেছেন। তাই আপনারা ৭ জানুয়ারি অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে দোহার-নবাবগঞ্জে অসমাপ্ত উন্নয়ন কাজকে এগিয়ে নিতে লাঙ্গল প্রতীকে ভোট দেবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক বোরহান হোসেন, জাতীয় পার্টির নেতা এমএ মজিদসহ জাতীয় পার্টির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।