ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে: চুন্নু

প্রকাশিতঃ ডিসেম্বর ২৩, ২০২৩ | ৯:০৭ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ভোটারদের ভোট দিতে উৎসাহিত করতে হবে। সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার দাওয়াত দিতে হবে। ৭ জানুয়ারি নির্বাচনে ভোটারদের উপস্থিত নিশ্চিত করে পার্টির প্রার্থীদের জয়লাভ করতে হবে। আমি খুবই আশাবাদী জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন। শুক্রবার সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জাতীয় পার্টির মনোনীতপ্রার্থী ও সাবেক হুইপ সাবেক এমপি সেলিম উদ্দিনের সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিয়ানীবাজার উপজেলার নালবহর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় মুজিবুল হক চুন্নু বলেন, ৭ জানুয়ারি সবাই লাঙ্গল প্রতীকের প্রার্থী সেলিম উদ্দিনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আপনারা প্রার্থী সেলিম উদ্দিনকে নির্বাচিত করেন আমরাও তাকে মূল্যায়ন করব। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য জাতীয় পার্টির সহসভাপতি শামসুল হক। শহীদুল ইসলাম সাজুর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সেলিম উদ্দিন, পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সিলেট জেলা বারের সাবেক পিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, হুমায়ুন রশীদ, জেলা জাতীয় পার্টির সহসভাপতি মজির উদ্দিন চাকলাদার, বিয়ানীবাজার জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হাজী শফর উদ্দিন, জেলা জাপার সাবেক অর্থ সম্পাদক আনিছুজ্জামান পাপ্পু প্রমুখ।