ভোট স্থগিত করে পূনরায় নির্বাচনের দাবি

প্রকাশিতঃ জানুয়ারি ৭, ২০২৪ | ৬:১৭ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

বরিশাল-৫ (সদর) আসনের স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন রিপন নির্বাচন স্থগিতে করে পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন। রোববার (৭ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় সরকারি বরিশাল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। এ সময় রিপন বলেন, ভোটের পরিস্থিতি কেন্দ্র দেখেই বোঝা যাচ্ছে। একেবারে জনমানব শূন্য। সকালে থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর আমাদের নেতা আরেফিন মোল্লার বাড়িতে হামলা চালনো হয়েছে। বরিশাল সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়কের পরিবারকে হুমকি দেওয়া হয়েছে, তার মেয়েকে অপহরণের চেষ্টা করা হয়েছে। অধিকাংশ কেন্দ্রে জাল ভোট দেওয়া হয়েছে, কোথাও সিল মারা হচ্ছে, কেন্দ্র দখল করে নেওয়া হচ্ছে। প্রশাসনের সহযোগীতায় নৌকার সমর্থকরা এটা করছে। প্রশাসনের লোক গেলে এগুলো বন্ধ থাকলেও তারা গেলে আবার শুরু হচ্ছে। বিভিন্ন জায়গায় আমাদের একাধিক কর্মীর ওপর হামলা চালিয়ে আহত করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, মানুষ সকাল থেকে ভোট কেন্দ্রে আসতে ছিল, কিন্তু হুমকি-ধামকি দিয়ে এমন পরিস্থিতি করা হয়েছে তারা এখন বিমুখ হয়ে গেছে। ফলে জনমানবহীন ভোটকেন্দ্রগুলো হয়ে গেছে। আমি নির্বাচন কমিশন, সরকারসহ সংশ্লিষ্টদের কাছে আহ্বান জানাবো যেন দ্রুত সময়ে বরিশাল-৫ (সদর) আসনের নির্বাচন স্থগিতে করে পুনরায় ভোটগ্রহণ করা হয়। যাতে সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভোটগ্রহণ করা সম্ভব হয়। আমি নির্বাচন বর্জন করিনি, করবও না, শেষ পর্যন্ত থাকব। আমি এখনও সকলকে আহ্বান জানাই যারা তেন সবাই ভোটকেন্দ্রে যান। নারীদের ওপর হামলার পরও তারা কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছে। স্থানীয় প্রশাসনের ভূমিকা সকলের বিতর্কিত, তাদের অভিযোগ দিয়েও তেমন সুরাহা পাচ্ছি না। ট্রাক প্রতীকের প্রার্থী বলেন, রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করলে বারবার আশ্বাস দিলেও তার কোনো প্রতিফলন দেখছি না।এই বরিশাল সরকারি কলেজ কেন্দ্রে একজনও ভোটরও নেই। এটাই প্রমাণ করে নির্বাচন কতটা মানুষকে বিমুখ করা হয়েছে। এখানে যারা আছে তারা সম্পূর্ণ একটি দলের সমর্থক নেতাকর্মী, সাধারণ মানুষের কোনো অংশগ্রণ নেই। আমি এই আসনের ভোটগ্রহণ স্থগিতে জোড় দাবি জানাচ্ছি।