সিলেট-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরীর (এহিয়া) পর এবার আরও তিন এমপি প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
রোববার দুপুর ২টায় আসনের ওসমানীনগরে সাংবাদিকদের কাছে তারা একসঙ্গে ভোট বর্জনের ঘোষণা দেন।
ভোট বর্জনকারী তিন এমপি প্রার্থী হলেন- বর্তমান এমপি ও গণফোরামের সূর্য প্রতীকের প্রার্থী মোকাব্বির খান, তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকের প্রার্থী আব্দুর রব মল্লিক ও ট্রাক প্রতীকের আলোচিত স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথের মেয়র মুহিবুর রহমান।
তাদের অভিযোগ, নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষের দলীয় লোকজন জোর করে বিভিন্ন ভোটকেন্দ্রে টেবিল কাস্টিং করছেন। ফলে সুষ্ঠু নির্বাচন না হওয়ায় তারা একসঙ্গে ভোট বর্জন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান।
এর ঘণ্টা খানেক পূর্বে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরী (এহিয়া) ভোট বর্জন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পরে ওসমানীনগরে তারা চারজন প্রার্থীই একসঙ্গে বসে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা সাংবাদিকদের জানান।