দ্বাদশ সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খানকে তলব করেছে নির্বাচন কমিশন ইসি।
৭ জানুয়ারি প্রকাশ্যে ভোট দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে ১৫ জানুয়ারি কমিশনে হাজির হতে বলা হয়েছে।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, গত সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান নতুন মন্ত্রিসভায়ও শপথ নিয়েছেন। তাকে তলব করে বৃহস্পতিবার চিঠি পাঠানো হয়েছে।
তলবের চিঠিতে ৭ জানুয়ারি ভোটের দিন জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে ভোট দেন তিনি, যা গণমাধ্যমে ছবিসহ প্রকাশিত হয়েছে। প্রকাশ্যে ভোটদান করে ভোটের গোপনীয়তা রক্ষা না করা গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না- সেই বিষয়ে ১৫ জানুয়ারি বিকাল ৩টায় নির্বাচন ভবনে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দিতে ইসি সিদ্ধান্ত দিয়েছেন। যথাসময়ে ইসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এই সংসদ সদস্যকে।
এ বিষয়ে ফরিদুল হক খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।