নওগাঁয় বেদে পল্লীতে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন ইউএনও

প্রকাশিতঃ জানুয়ারি ১৭, ২০২৪ | ৯:৩৭ অপরাহ্ণ
ভুপাল চন্দ্র রায়, জেলা সংবাদদাতা, নওগাঁ, রাজশাহী

নওগাঁর উপর দিয়ে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। শীত অনুভুত হচ্ছে প্রচল্ড। গত দুই সপ্তাহ যাবত নওগাঁর তাপমাত্রা ৮ থেকে ১৪ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। তাপমাত্রা নতুন করে কমতে শুরু করায় কনকনে হাঁড় কাঁপানো শীতে কাহিল হয়ে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল শীতার্ত মানুষ। বিশেষ করে বেদে সম্প্রদায়ের মানুষরা বাইরে কাজে যেতে পারছে না। ফলে তাদের পরিবারে খাদ্যাভাব দেখা দিয়েছে। জেলা প্রশাসকের নির্দেশক্রমে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নওগাঁর ছোট যমুনা নদীর তীরে বসবাসরত বেদে পল্লীর ২৬টি পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র প্রদানের পাশাপাশি ১০ দিনের প্রয়োজনীয় খাদ্য সামগ্রীও পৌঁছে দিয়েছেন সদর ইউএনও এসএম. রবিন শীষ। এসএম. রবিন শীষ বলেন, বিভিন্ন স্থান থেকে এসে বেদে সম্প্রদায়ের কয়েকটি পরিবার ছোট যমুনা নদীর তীরে তাবু করে শীতে অনেক কষ্টে বসবাস করছে। এমন খবর পেয়ে শনিবার তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে জানতে পারি যে, তারা প্রচণ্ড শীতের মধ্যে গ্রামে গ্রামে গিয়ে সাপ খেলা দেখাতে না পারায় তাদের আয় কমে গেছে। পরিবারের সদস্যদের নিয়ে তাদের অনেকটাই অনাহারে দিন কাটাতে হচ্ছে। বিষয়টি জেলা প্রশাসক স্যারকে জানালে তিনি প্রতিটি পরিবারকে ১০দিনের খাবার সামগ্রী পৌছে দিতে বলেন। তাই মঙ্গলবার বিকেলে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল, ১কেজি করে আলু, পেঁয়াজ, ডাল, লবণ ও ১লিটার সয়াবিনের তেলসহ খাদ্যপণ্যের একটি প্যাকেজ প্রদান করা হয়েছে।