৭৫তম প্রজাতন্ত্র দিবস ভারতীয় ছাত্রদের জন্য বড় ঘোষণা ম্যাক্রোঁর

প্রকাশিতঃ জানুয়ারি ২৬, ২০২৪ | ৯:৫৭ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে শুক্রবার। এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রজাতন্ত্র দিবসে যোগ দিতে তিনি বৃহস্পতিবারই ভারতে আসেন। পরদিনই বড় ঘোষণা দিলেন ভারতীয় ছাত্রদের জন্যা। ২০৩০ সালের মধ্যে ৩০ হাজার ভারতীয় ছাত্র ফ্রান্সে পড়াশোনার সুযোগ পাবেন বলে ঘোষণা দেন তিনি। প্রজাতন্ত্র দিবসের দিন সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ঘোষণা দেন ম্যাক্রোঁ। ম্যাক্রোঁ জানান, আগে ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য গেলে ফরাসি ভাষা শিখতে হতো। কিন্তু এখন আর তা বাধ্যতামূলক নয়। ফরাসি ভাষা না জেনেও ফ্রান্সে পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। উচ্চশিক্ষায় ভারত ও ফ্রান্স একসঙ্গে আরও অনেক কাজ করবে বলেও এক্সে দেওয়া পোস্টটিতে উল্লেখ করেন তিনি। প্রতি বছরের ২৬ জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। ১৯৫০ সালে এই দিনেই ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। তখন থেকে দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে আসছে দেশটি। দিবসটি উদ্যাপনে প্রতিবছরই রাজধানী দিল্লির রাজপথে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। আর সেখানে আমন্ত্রণ জানানো হয় মিত্র দেশের রাষ্ট্রপ্রধানকে। সেই ধারাবাহিকতায় এবার আমন্ত্রণ পেয়েছেন ম্যাক্রোঁ। এর আগে গত জুলাইয়ে বাস্তিল ডের প্যারেডে ফ্রান্স নিমন্ত্রণ জানিয়েছিল নরেন্দ্র মোদিকে। সেখানে গিয়েই প্রজাতন্ত্র দিবসে ম্যাক্রোঁকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন মোদি। ভারতে পৌঁছানোর দিন প্যারিস থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট প্রথমে রাজস্থানে এসে নামেন। এরপর তিনি জয়পুরে আমের দুর্গ, যন্তর মন্তর ঘুরে দেখেন। দেশটিতে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নিয়েছেন তিনি। প্রজাতন্ত্র দিবসের আনুষ্ঠানিক সূচনার আগে শ্রদ্ধা জানাতে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ পরিদর্শন করেন নরেন্দ্র মোদি। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের পর তিনি ও বিশিষ্ট ব্যক্তিরা কুচকাওয়াজ দেখতে অভিবাদন মঞ্চে যান। ঐতিহ্য অনুযায়ী উদযাপনের প্রথমেই জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর সঙ্গে দেশীয় বন্দুক ব্যবস্থা ১০৫-মিমি ভারতীয় ফিল্ড বন্দুক দিয়ে ২১টি গান স্যালুট দেওয়া হয়। তারপর শুরু হয় ১০০ জনেরও বেশি নারী শিল্পীর অংশগ্রহণে ‘আবাহনর’ প্ল্যাটরফমের ব্যান্ড পারফরমেন্স। এতে নারী শক্তির প্রতীক তুলে ধরতে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো হয়। পরবর্তী সময়ে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সালাম গ্রহণের মাধ্যমে কুচকাওয়াজ শুরু হয়। কুচকাওয়াজটি ‘দিল্লির কার্তব্য পথ’র (পূর্বের নাম রাজপথ) শুরু হয়। ৭ কিলোমিটার (৪.৩ মাইল দূরে) টহল শেষে ৭ম শতাব্দীর একটি স্মৃতিস্তম্ভ রেড ফোর্টে শেষ কুচকাওয়াজের যাত্রা শেষ হয়। ৭৫তম প্রজাতন্ত্র দিবসে প্রথমবারের মতো সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনীর একটি সর্ব-নারী দল কুচকাওয়াজে অংশগ্রহণ করে। এছাড়া এবার সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক বাহিনীর বেশ কয়েকটি দল নারীদের নেতৃত্বে ছিল। শুক্রবারের প্রজাতন্ত্র দিবস উদ্যাপনের কুচকাওয়াজে প্রথমবারের মতো একটি ফরাসি সেনা দলও অংশ নেয়। বছর কয়েক আগে ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান নিয়েছে ভারত। এদিনের কুচকাওয়াজে সেই বিমানও অংশ নিয়েছিল।