মহম্মদপুর প্রবাসীর সাথে মোবাইলে বিয়ে, চারমাস পর আত্মহত্যা

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ৫, ২০২৪ | ৪:০২ অপরাহ্ণ
সর্দার মোঃ রুবেল ইসলাম, উপজেলা প্রতিনিধি মোহাম্মদপুর, মাগুরা

মহম্মদপুরে প্রবাসীর স্ত্রী ফাতেমা খাতুন (২০) আত্মহত্যা করে মারা গেছে। রবিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফাতেমা উপজেলার যশপুর গ্রামের জিয়াউর সরদারের ছেলে আলী হাসানের স্ত্রী এবং ঢাকা আমিন বাজার এলাকার নবীর হোসেনের মেয়ে। সরেজমিন গিয়ে জানা যায়, ফাতেমার গত চারমাস আগে মালয়েশিয়া প্রবাসী যশপুর গ্রামের আলী হাসানের সাথে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক করে মোবাইলে মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর কিছুদিন পরেই ফাতেমার বোন এবং দুলাভাই তাকে এসে হাসানের বাড়িতে রেখে যায়। তারপর শশুর এবং শাশুড়ীর সাথে মিলেমিশে থাকতেন । ফাতেমাকে তারা মেয়ের মতই ভালবাসতেন। রবিবার সকালে ফাতেমার মা অসুস্থ হয় এবং তাকে বাড়ি যেতে বলে। পরে তার স্বামী হাসানকে ফোন করে তার মার অসুস্থ বিষয়টি জানান এবং অসুস্থ মাকে দেখতে যাওয়ার অনুমতি চান । পরে তার স্বামী তাকে পরের দিন যেতে বলেন। এ বিষয়টি নিয়ে তার স্বামীর সাথে মনোমালিন্য ও কথা-কাটাকাটি হয় । পরে তার বেডরুমের দরজা বন্ধ করে সিলিংফ্যানের সাথে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস নেয়। ফাঁস নেওয়ার পর তার চিৎকার শুনে শশুড় ও শাশুড়ী এগিয়ে গেলে দরজা বন্ধ পায়। পরে স্থানীয় লোকজনদের সহয়তায় দেয়াল ভেঙে তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।