নাটোরে মোবাইল চোর চক্রের মূলহোতাসহ ৫ জন গ্রেফতার

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ৫, ২০২৪ | ৪:০৩ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

নাটোরের সিংড়া থেকে সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের মূলহোতা মোঃ সম্রাট খাঁ (২৪) সহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার(৪ ফেব্রুয়ারি) রাতে সিংড়া উপজেলার খাগড়বাড়িয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ সোমবার(৫ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলেন- সিংড়া উপজেলার খাগরবাড়িয়া এলাকার মো: হাছান খাঁ\'র ছেলে মূলহোতা মো. সম্রাট খাঁ(২৪), একই এলাকার মোঃ দেলোয়ার খানের ছেলে মোঃ রিদয় খান(২৫), মৃত কালু খাঁ\'র ছেলে মোঃ জনি খান(২৮), মৃত গোলজার খাঁ\'র ছেলে মোঃ হাছান খাঁ এবং উপজেলার পাঁচবাড়ীয়া এলাকার মৃত আক্কাস আলীর ছেলে মোঃ রানা শেখ (২০)। র‌্যাব নাটোর জানান, গোপন সংবাদে রোববার রাতে নাটোর জেলা সিংড়া উপজেলার খাগড়বাড়িয়া গ্রামে একটি অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ওই এলাকা থেকে সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের মূলহোতা মোঃ সম্রাট খাঁসহ পাঁচজন আসামিকে গ্রেফতার করে। এবং তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, দুইটি সিমকার্ড জব্দ করেন। জব্দকৃত মোবাইল ফোন নাটোর জেলার বিভিন্ন থানা এলাকা থেকে অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যদের সহায়তায় চুরি করে বিক্রিরর জন্য নিজেদের কাছে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেন গ্রেফতারকৃত আসামিরা। এ ঘটনায় সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।