রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক ও বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর বিষয়টি প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না তার স্ত্রী ইউলিয়া নাভালনিয়া। যখন সব তথ্য ধীরে ধীরে বেরিয়ে এলো তখন তার হৃদয় ক্ষতবিক্ষত।
স্বামীকে জেলে রেখে তার অপেক্ষায় বছরের পর বছর অপেক্ষায় ছিলেন ইউলিয়া। শেষ পর্যন্ত তার মৃত্যুর সময় কাছে থাকতে পারেননি। এ যন্ত্রণায় হৃদয় দুমড়ে মুচড়ে যাচ্ছে ইউলিয়ার।
ইউলিয়া বলেছেন, শাস্তি এড়াতে পারবেন না পুতিন। তাকে শাস্তি ছাড়া ছেড়ে দেয়া যাবে না।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, শুক্রবার মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে বক্তব্য রাখেন ইউলিয়া। সেখানে তিনি বলেন, তার স্বামীর মৃত্যুর খবর নিয়ে সন্দিহান ছিলেন। কারণ এ মৃত্যুর খবর এসেছে রাশিয়া সরকারের সূত্র থেকে।
অঝোরে কাঁদতে কাঁদতে তিনি বলেন, পুতিন এবং তার সরকারকে আমি বিশ্বাস করতে পারি না। তারা সব সময়ই মিথ্যা কথা বলে। ইউলিয়া বলেন, যদি এই খবর সত্য হয়, তাহলে দেশের, আমার পরিবারের এবং আমার স্বামীর যা করেছে তারা তার দায় বহন করতে হবে পুতিন, তার পুরো সহযোগী, বন্ধুবান্ধব ও তার সরকারকে। সেইদিন খুব শিগগিরই আসবে।