মহম্মদপুর নাশকতার মামলায় বিএনপির সদস্য সচিবসহ ৫০ নেতাকর্মী কারাগারে

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২১, ২০২৪ | ১:৫৬ অপরাহ্ণ
সর্দার মোঃ রুবেল ইসলাম, উপজেলা প্রতিনিধি মোহাম্মদপুর, মাগুরা

নাশকতার দুই মামলায় মাগুরার মহম্মদপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আকরুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ ৫০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহম্মদপুর আমলি দ্বিতীয় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমনা পাল সব নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সবাই উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১ সেপ্টেম্বর মহম্মদপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় পুলিশের ওপর অতর্কিত হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা। এরপর পুলিশ ককটেল উদ্ধার করে। এ ঘটনাকে কেন্দ্র পুলিশ বাদী হয়ে মহম্মদপুর থানায় ১০১ জনের নাম উল্লেখসহ ১ হাজার ৩০০ জনকে অজ্ঞাত করে বিস্ফোরণ আইনে একটি মামলা দায়ের করেন। এরপর ১ নভেম্বর উপজেলার ধোয়াইল আদর্শ নুরানি হাফেজি মাদ্রাসা ও এতিমখানার সামনে রাত ১২টার দিকে বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা নাশকতা করার জন্য জড়ো হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে। পরে ২ নভেম্বর এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ককটেল বিস্ফোরণ অভিযোগে স্থানীয় বিএনপির ১৯৯ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিপক্ষের আইনজীবী শাহেদ হাসান টগর ও মো. মনিরুল ইসলাম মুকুল জানান, নির্বাচনের আগে আন্দোলন দমানোর জন্য নাশকতার নামে বিএনপি নেতাকর্মীদের নামে দুইটি মিথ্যা মামলা দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।