মিয়ানমারের অভ্যন্তরে মর্টারশেল বিস্ফোরণের একাধিক বিকট শব্দে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিস্ফোরিত মর্টারশেল বা গুলির কোনো অংশ বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েনি এবং কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন শাহপরীর দ্বীপের মৎস্যজীবী কমিটির সভাপতি আব্দুল গণি।
এদিকে বিজিবির পক্ষ থেকে সীমান্ত দিয়ে কোনো রোহিঙ্গা যেন অনুপ্রবেশ করতে না পারে সেজন্য বাহিনী বরাবরের মতো সদা প্রস্তুত রয়েছে।
শাহপরীর দ্বীপের মৎস্যজীবী কমিটির সভাপতি আবাদুল গনি জানান, রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরে পাহাড়ের পূর্বে ভুষি দং ও রাশি দং এলাকায় গোলাগুলি ও মর্টারশেল বিস্ফোরণ হয়েছে বলে জেনেছি। যার শব্দ বিকট শব্দ আমিও শুনেছি।
সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন জানান, রমজানের শুরু থেকে আজ পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে কোনো গুলাগুলি বা মর্টারশেলের শব্দ শুনিনি। আমার এলাকার লোকজনও আমাকে তেমন কোনো বার্তা দেয়নি।
টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মৌলভী মুজিব জানান, রোববার রাতে ও সোমবার সকালে মিয়ানমার হতে গুলি বা মর্টারশেল বিস্ফোরণের কোনো শব্দ বা খবর আমি পাইনি। যদি কেউ কোথাও আমার বক্তব্য ছাপিয়ে থাকে তা মিথ্যা ও ভুল। আবার অনেকেই পুরাতন বক্তব্যগুলো ছাপাচ্ছে মনে হয়।
টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ জানান, মিয়ানমারের অভ্যন্তরে মর্টার শেল বিস্ফোরণ বা গোলাগুলির শব্দ শাহপরীর দ্বীপ এলাকায় শুনিনি। তবে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আমাদের অবস্থান আগের মতো রয়েছে।