এতে প্রমাণ হয় বিরোধীদের কীভাবে আয়ত্তে আনতে চেয়েছিল সরকার: মেজর হাফিজ ইস্যুতে মঈন

প্রকাশিতঃ মার্চ ২০, ২০২৪ | ৫:৩৫ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

দ্বাদশ নির্বাচনের আগে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে কিংস পার্টিতে ভেড়ানোর সরকারি প্রচেষ্টা প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, এমন ঘটনা যত প্রকাশিত হচ্ছে, সরকার তত হেয় হচ্ছে। এতে স্পষ্ট হয়েছে, নির্বাচনের আগে সরকার বিরোধী দলগুলোকে কীভাবে আয়ত্তে আনতে চেয়েছিল। সরকারের সবধরনের কৌশল ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে বুধবার সকালে কারাবন্দি বিএনপিপন্থি আইনজীবী নেতা ব্যারিস্টার রুহুল কবির কাজল ও ওসমান চৌধুরীর বাড়িতে সাক্ষাৎ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। দ্বাদশ নির্বাচনের আগে কিংস পার্টিতে যোগ দিতে মেজর হাফিজের বাসায় গিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। গুঞ্জন রয়েছে সেখানে বিএনএমে যোগ দেওয়ার ফরম পূরণ করে মেজর হাফিজের হাতে জমা দেন তিনি। সেই ছবি ও সংবাদ সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। এ বিষয়ে স্পষ্ট করতে মঙ্গলবার সংবাদ সম্মেলন ডাকেন মেজর হাফিজ। বিএনপির অন্যতম জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘নির্বাচনের আগে সরকারের পক্ষ থেকে অনেক কিছু করা হয়েছে। যা আপনারা সবাই জানেন। আওয়ামী লীগের নীতি নির্ধারকদের পক্ষ থেকে এবং কিছু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তারা বিএনএমে যোগ দিতে আমাকে অনেকবার অনুরোধ করেছেন। বিশেষ করে অবসরপ্রাপ্ত বন্ধুরা কয়েকবার আমার বাসায় এসেছেন। আমি প্রত্যেকবার বলেছি যে, না এ ধরনের কোন চিন্তা ভাবনা আমার মধ্যে নেই। আমি রাজি হইনি।’ হাফিজ বলেন, সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা বিএনএম গঠন করে (দ্বাদশ নির্বাচনের আগে) আমাকে সেখানে যোগ দেওয়ার অনুরোধ জানায় এবং তারাই সাকিব আল হাসানকে নিয়ে আসে। সাকিব আমার কাছে এসে রাজনীতিতে যোগদানের ইচ্ছা জানায়। কিন্তু আমার কাছ থেকে উৎসাহ না পেয়ে সে চলে যায়। হাফিজের দাবি, তিনি এমন কিছু করেননি যার জন্য লজ্জিত হতে হবে।