কুকি-চিনের হামলার ঘটনা সরকারের নাটক: মঈন খান

প্রকাশিতঃ এপ্রিল ৯, ২০২৪ | ৫:০৯ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

আইএসের (ইসলামিক স্টেট) মতো কুকি-চিনের হামলার ঘটনাও সরকারের সাজানো নাটক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, সরকারের ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে নিতেই পাহাড়কে অশান্ত করে তোলা হচ্ছে। মঙ্গলবার সদ্য কারামুক্ত বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের সঙ্গে তার উত্তরার বাসায় সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, বান্দরবানে চলমান ঘটনা সরকারের নতুন খেলা। সরকার নিজের ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি সরাতে পাহাড়কে অশান্ত করে তুলেছে। তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে এমন অভিযোগ হচ্ছে সরকারের মিথ্যাচার। বিএনপি নয়, বরং আওয়ামী লীগই গণতন্ত্রকে জিম্মি করে রেখেছে।