পোশাক কারখানার বেতন ও ভাতার বিষয়ে যা বলল বিজিএমইএ

প্রকাশিতঃ এপ্রিল ১০, ২০২৪ | ৫:২৯ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

ঈদের আগে শতভাগ পোশাক কারখানায় মার্চের বেতন ও উৎসব ভাতা পরিশোধ করা হয়েছে বলে মন্তব্য করেছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বুধবার রাজধানীর উত্তরায় সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি এ তথ্য জানান। মান্নান বলেন, প্রাথমিকভাবে ৬০০ কারখানা চিহ্নিত করা হয়েছিল, যারা বেতন ও বোনাস পরিশোধের ক্ষেত্রে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে। ৫০ জনের সমন্বয়ে ২২টি কমিটি দেশব্যাপী মনিটরিং করায় শ্রমিকদের বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রে অতি ঝুঁকিপূর্ণ কারখানার সংখ্যা ২৫টিতে নেমে এসেছে। বিজিএমইএর হস্তক্ষেপে সেই ২৫টি কারখানাতেও শ্রমিকদের পাওনা অর্থ পরিশোধ করা হয়েছে। তিনি আরও বলেন, এর মধ্য দিয়ে বিজিএমইএর সদস্যভুক্ত সব কারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ সম্পন্ন হলো।