নাটোরে চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের পর মারধরের ঘটনায় মামলা, গ্রেফতার ২

প্রকাশিতঃ এপ্রিল ১৬, ২০২৪ | ৬:১২ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

নাটোরে জেলা নির্বাচন অফিসের সামনে থেকে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণের পর মারধরের ঘটনার মামলায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। সোমবার(১৫ এপ্লিল) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে আহতের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। আজ মঙ্গলবার(১৬ এপ্লিল) সকালে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতরা হলেন- সিংড়া উপজেলার কলম ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার বাসিন্দা সুমন আহমেদ এবং একই উপজেলার শেরকোল ইউনিয়নের হারোবাড়িয়া এলাকার নাজমুল হক বাবু। আহত দেলোয়ার হোসেনের পরিবার জানান, সোমবার সকালে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য দেলোয়ার হোসেন ব্যাংকে জামানতের টাকা জমা দেওয়ার জন্য বের হন। এ সময় তারা জরুরী প্রয়োজনে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে গেলে সেখান থেকে একটি কালো রঙের মাইক্রোবাসে করে কয়েকজন দুবৃত্তরা আলাউদ্দিন মুন্সিকে অপহরণ করে নিয়ে যায়। পরে দেলোয়ার হোসেন নির্বাচন অফিস থেকে নেমে আসলে তাকেও একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে নেয়। এ সময় তারা তাকে গাড়ির ভিতর মারধর করে। পরে বিকেলে দেলোয়ার হোসেনের বাড়ির সামনে(সিংড়া উপজেলার কলম ইউনিয়নের পারসাঐল গ্রাম) সামনে ফেলে দিয়ে চলে যায়। পরে দেলোয়ার হোসেনকে অচেতন অবস্থায় পরিবারের লোকজন প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। সন্ধ্যায় হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে নেওয়া হয়। আর আগে সোমবার রাতে আহত দেলোয়ার হোসেনের ভাই বাদী হয়ে নাটোর সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আজ মঙ্গলবার সকালে দুইজন অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেন। সদর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, রাতে দেলোয়ার হোসেনের ভাই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে। পুলিশ এ ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।