যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফীকে জামিন দেননি হাইকোর্ট। রোববার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন না মঞ্জুর করে আদেশ দেন।
আদালতে আরেফীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির।
২০২৩ সালের ৩০ অক্টোবর জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পল্টন থানা সূত্রে জানা যায়, ২৮ অক্টোবর মহিউদ্দিন শিকদার নামের এক ব্যক্তি বাদী হয়ে আরেফীসহ তিনজনকে আসামি করে মামলা করেন। অন্য দুই আসামি হলেন-অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী ও বিএনপি নেতা মো. ইশরাক হোসেন।
অপরের রূপ ধারণ ও মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাস ভঙ্গ করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৯ অক্টোবর সকালে আরেফীকে আটক করে পুলিশ। পাসপোর্ট অনুযায়ী তার আসল নাম জাহিদুল ইসলাম মিয়া। তিনি বাংলাদেশি-আমেরিকান।