যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর করছেন। তার এই সফর নিয়ে তেমন একটা আগ্রহ নেই বিএনপিতে।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বরাবরই একই কথা বলে আসছি। বাংলাদেশের জনগণ কারও ওপর নির্ভর করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে, এটা আমরা মনে করি না। জনগণ সব সময় তার নিজের শক্তিতে, নিজের পায়ের ওপর ভর করে ‘৭০’র আগেও আন্দোলন করেছে। ‘৬৯’র গণঅভ্যুত্থানে আন্দোলন করেছে। ’৭১ সালে মুক্তিযুদ্ধ করেছে। পরবর্তীকালেও আমরা যে আন্দোলন করেছি, তা সম্পূর্ণ জনগণের শক্তিতে নির্ভর করে। সুতরাং এই বিষয়ে আমরা খুব বেশি একটা কথা বলতে চাই না।
মঙ্গলবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডোনাল্ড লুর ঢাকা সফর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভসহ দেশের অর্থনৈতিক অবস্থা প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা একেবারে ভয়াবহ পর্যায়ে আছে; খাদের কিনারায় গেছে, পড়ে যাবে।’
ফখরুল বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে অবৈধ সরকার। যারা জোর করে ক্ষমতা দখল করেছে। তাদের বিরুদ্ধে দেশের বিরোধী দলগুলো আন্দোলন সংগ্রাম করছে। ৬৩টি রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে আছে। এর মধ্যে সরকার দমননীতি চরম পর্যায়ে গিয়ে ডামি নির্বাচন করে তারা জবরদখল করে বেআইনিভাবে ক্ষমতায় বসে গেছে।
বৈঠক প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, লিয়াজোঁ কমিটির বৈঠকের আলোচনায় অতীতের আন্দোলনের বিষয় নিয়ে পর্যালোচনা হয়েছে। সরকার আইন আদালতকে ব্যবহার করে বিরোধী দলকে যেভাবে দমন করেছে, তা নিয়ে আলোচনা হয়েছে। আগামীর নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকারের সব কৌশল মোকাবিলা করে আগামী দিনে কর্মসূচি সফল করা হবে।
লিয়াজোঁ কমিটির বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, নূরে এরশাদ সিদ্দিকী, হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, রবিউল হাসান, তোফাজ্জল হোসেন প্রমুখ।
সন্ধ্যায় পৃথকভাবে গণতান্ত্রিক বাম ঐক্যের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করে বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) মহাসচিব হারুন আল রশিদ খান, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুণ চৌধুরী।
এর আগে রোববার ও সোমবার ১২ দলীয় জোট, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা। বুধবার গণতন্ত্র মঞ্চ ও গণফোরামের (মন্টু) সঙ্গে বিএনপির লিয়োজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।