মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই বন্ধু স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।গতকাল বুধবার (২২ মে) বিকালে কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী বাসস্ট্যাণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।নিহতরা হলেন- ছাতিয়ানতলী এলাকার আলালউদ্দিনের ছেলে মাহবুব আলম নয়ন (১৬) ও একই এলাকার আবুল কালামের ছেলে মো. তুহিন (১৭)। নিহত তুহিন ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ও নয়ন পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলার একটি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। তাঁরা সম্পর্কে দুই বন্ধু।নিহত নয়নের নানা মো. শাহ আলম ফকির বলেন, বিকেলের দিকে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল। তখন তুহিন মোটর সাইকেল চালাচ্ছিল আর নয়ন মোটরসাইকেলের পিছনে বসে ছিল। পরে আমরা খবর পাই মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একটি গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়েছে তারা। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান তাদের দুজনের কেউ আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’
এ ব্যাপারে সিরাজদিখান থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই ইকবাল বলেন, ছাতিয়ান তলি মাদ্রাসা ব্রিজের উপর হতে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে নিচে নামতে ছিলেন । এ সময় তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রাস্তার গাছের সাথে ধাক্কা লাগলে দুই বন্ধু গুরুতর আহত হয়। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।