চাঁদপুর গাছতলা ব্রিজের ইজারা টোল স্থায়ীভাবে বাতিলের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্মারকলিপি

প্রকাশিতঃ আগস্ট ২০, ২০২৪ | ৯:২৯ অপরাহ্ণ
আলমগীর বাবু, চাঁদপুর জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুর গাছতলা ব্রিজের চলমান টোল প্রত্যাহার ও স্থায়ীভাবে ইজারা বাতিলের দাবিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর গণস্বাক্ষরপত্র সহ স্মারকলিপি প্রদান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুরের ছাত্র-জনতা। ২০ আগষ্ট মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ সচিবালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবরে চাঁদপুর সড়ক বিভাগাধীন কুমিল্লা- লালমাই- চাঁদপুর- লক্ষীপুর- বেগমগঞ্জ সড়কের ৬৯ কিলোমিটারে অবস্থিত \"চাঁদপুর সেতু” এর চলমান টোল ও ইজারা এবং ভবিষ্যৎ টোল আদায় ও ইজারা স্থায়ীভাবে বন্ধ করার প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র-জনতাবৃন্দ চাঁদপুর জেলার গণমানুষের পক্ষে আপনার সমীপে নিম্নোক্ত বক্তব্য পেশ করছি। মাননীয় উপদেষ্টা, ২০২৪ সালে ছাত্র-জনতা তাদের স্বৈরশাসন থেকে মুক্তি পেতে ৫ই আগষ্ট (প্রতীকী ৩৬ই জুলাই) রাজপথে নেমে আসে জীবন উৎসর্গের নিমিত্তে এবং একইদিনে ছাত্র-জনতা তাদের দাবী বাস্তবায়ন করে। ২০২৪ এর গণ- আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিলো দেশের চলমান অনিয়ম সংস্কার করা। প্রায় দুই দশক আগে চাঁদপুর সদর উপজেলায় গাছতলা এলাকায় ডাকাতিয়া নদীর উপরে ১৮ কোটি ১২ লক্ষ টাকা ব্যয় করে \"চাঁদপুর সেতু” নির্মাণ করা হয়। এযাবৎকাল পর্যন্ত নির্মাণ ব্যয় অধিক পরিমান রাজস্ব আয় করে বাংলাদেশ সরকার। কিন্তু টোল আদায় স্থায়ীভাবে বন্ধ করার কোনও প্রয়াস দেখা যাচ্ছে না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র-জনতা চাঁদপুর জেলায় দীর্ঘদিনের চাঁদপুরের গণমানুষের দাবীর পরিপ্রেক্ষিতে \"চাঁদপুর সেতুর\" চলমান টোল আদায় এবং ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবী জানাচ্ছি। প্রসঙ্গক্রমে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনস্বার্থে ২০১৪ সালে ৩৫.০০.০০০.০৩০.১৫.০০১.২০১৪- ০৬ সংখ্যক প্রজ্ঞাপন জারীর মাধ্যমে ২০০ মিটারের কম দৈর্ঘ্যের ২১টি সেতুর টোল স্থায়ীভাবে বন্ধ করে দেয়। কিন্তু \"চাঁদপুর সেতু” ২৪৮ মিটার দৈর্ঘ্য হওয়ায় টোল কার্যক্রম চলমান থাকে যা জনস্বার্থ বিরোধী এবং গণদাবীর পরিপন্থি। এমনাবস্থায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা চাঁদপুর জেলার গণমানুষের দাবীর পরিপ্রেক্ষিতে মাননীয় উপদেষ্টাকে \"চাঁদপুর সেতু\" সকল প্রকার টোল ও ইজারা জনস্বার্থে স্থায়ীভাবে বন্ধ বিনীত আবেদন জানিয়েছেন।